জানো কি প্রণয়িনী

জানো কি প্রণয়িনী

জানো কি প্রণয়িনী, যদি কোনো লেখক তোমার প্রেমে পড়ে, তবে নশ্বর এই ধরায় তুমি হয়ে উঠবে অবিনশ্বর। পাতায় পাতায় বাঁধা পড়বে তোমার নাম, যুগ থেকে যুগান্তরে মানুষ পড়বে সেই কথা, শত-সহস্র প্রেমিক খুঁজে পাবে তোমাতেই আপন ঠিকানা, কালের গর্ভে তুমিই রবে চিরন্তন প্রণয়...

জানো কি প্রণয়িনী, যদি কোনো কবি তোমার প্রেমে পড়ে, তবে তুমিই হবে তার প্রতিটি পঙক্তির প্রাণ। শব্দে শব্দে গাঁথা হবে তোমার মুখের হাসি, ছন্দে ছন্দে বাজবে তোমার নামের সুর, মানুষ যখন ভালোবাসা খুঁজবে কবিতার বুকে, সেখানে তোমাকেই খুঁজে পাবে বারবার...

জানো কি প্রণয়িনী, যদি কোনো দার্শনিক তোমার প্রেমে পড়ে, তবে তুমি হয়ে উঠবে এক চিরন্তন প্রশ্ন, এক গভীর সত্য। যুগে যুগে জ্ঞানীরা তোমাকে নিয়ে বসবে ভাবনায়, তোমার অস্তিত্বে খুঁজে পাবে জীবনের মানে, তর্কে-বিতর্কে, পাতায় পাতায় তুমিই রবে বিরাজমান, তোমাকে বোঝাই হয়ে উঠবে জ্ঞানের সাধনা...

জানো কি প্রণয়িনী, যদি কোনো চিত্রশিল্পী তোমার প্রেমে পড়ে, তবে তুমি হয়ে উঠবে ক্লিওপেট্রার চেয়েও রূপসী। তুলির প্রতিটি টানে ফুটে উঠবে তোমার মায়া, হাজারো চোখের তৃষ্ণা মেটাবে তোমারই ছবি, কালের অন্তরে শত হৃদয় তোমাকে যতনে রাখবে বুকে, তোমাকে দেখার প্রতীক্ষায় থমকে রবে সময়...

জানো কি প্রণয়িনী, যদি কোনো ভাস্কর তোমার প্রেমে পড়ে, তবে তোমার ভাস্কর্য ঠাঁই পাবে দূর ফ্রান্সের কোনো গ্যালারিতে। পাথরের বুকে খোদাই হবে তোমার আদল, অপলক চোখে মানুষ ভুলে যাবে সময়ের হিসেব, ঈর্ষায় প্রেমিকারা লুকাবে নিজেদের মুখ, তুমিই হয়ে রবে যুগের এক অমলিন চিহ্ন...

জানো কি প্রণয়িনী, যদি কোনো সঙ্গীতশিল্পী তোমার প্রেমে পড়ে, তবে তুমি হয়ে উঠবে এক অমর সুর, এক চিরসবুজ গান। কণ্ঠে কণ্ঠে ঘুরবে তোমার নামের রেশ, প্রতিটি গানের কলিতে বাজবে তোমারই ছন্দ, রাত জাগা প্রেমিকেরা গুনগুনিয়ে গাইবে তোমাকে, তুমিই হয়ে রবে ভালোবাসার নিজস্ব সুরলিপি...

জানো কি প্রণয়িনী, যদি কোনো স্থপতিবিদ তোমার প্রেমে পড়ে, তবে ইট-পাথরের বুকে গড়ে উঠবে তোমার নামে এক অটল সৌধ। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসবে শুধু তোমাকে দেখতে, প্রতিটি স্তম্ভে, প্রতিটি খিলানে লেখা থাকবে তোমার গল্প, শতাব্দী পেরিয়েও দাঁড়িয়ে রবে সেই ভালোবাসার প্রতীক, তুমিই হয়ে উঠবে এক স্থাপত্যের কিংবদন্তি...

জানো কি প্রণয়িনী, যদি কোনো ইতিহাসবিদ তোমার প্রেমে পড়ে, তবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হবে তোমার নাম। আগামী প্রজন্ম পড়বে তোমার কথা মলাটবদ্ধ বইয়ের ভাঁজে, সময়ের স্রোতে তুমি হবে না কখনো বিস্মৃত, তোমাকে নিয়ে রচিত হবে কত শত অধ্যায়, তুমিই হয়ে রবে ইতিহাসের এক অমোঘ সত্য...

অথচ দেখো, তোমার প্রেমেই পড়েছি আমি, না আছে আমার লেখকের কলম, না কবির সেই ছন্দ, না আছে দার্শনিকের জ্ঞান, না শিল্পীর নিপুণ তুলি, না আছে ভাস্করের হাত, না সুরকারের কণ্ঠ, না আছে স্থপতির নকশা, না ইতিহাসের সেই কলম- যার ভরসায় তোমাকে যুগ থেকে যুগান্তরে পৌঁছে দিতে পারি। আমি নিঃস্ব, আমি রিক্ত, নেই কোনো প্রতিভা কিংবা গুণ, অথচ অবাক কাণ্ড দেখো- আমার হৃদয় ঠিকই তোমার প্রেমে পড়েছে...